বরিশাল নগরীর ক্রমবর্ধমান বর্জ্য সংকট মোকাবিলা, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং একটি টেকসই নগর ব্যবস্থাপনা গড়ে তুলতে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘প্র্যাকটিক্যাল অ্যাকশন’ এর সঙ্গে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নগরীর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে ‘ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট’ বা সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক এ সভা অনুষ্ঠিত হয়। এতে নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও পরিবেশবান্ধব কাঠামোয় রূপান্তরের রূপরেখা তুলে ধরা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার। এছাড়াও ঝালকাঠি পৌরসভার প্রশাসক, বিসিসির স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা শাখার সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং প্র্যাকটিক্যাল অ্যাকশনের প্রতিনিধি দল সভায় অংশ নেন।
সভায় উপস্থাপিত প্রেজেন্টেশনে বরিশাল নগরীর বর্তমান বর্জ্য ব্যবস্থাপনার সীমাবদ্ধতা, চ্যালেঞ্জ এবং সম্ভাবনার চিত্র তুলে ধরা হয়। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় উৎস পর্যায়ে বর্জ্য পৃথকীকরণে, যেখানে পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করে সংগ্রহ ও প্রক্রিয়াজাত করার মাধ্যমে পুরো ব্যবস্থাপনাকে কার্যকর ও টেকসই করার পরিকল্পনা উপস্থাপন করা হয়।
আলোচনায় আরও উঠে আসে, বর্জ্যকে অর্থনৈতিক সম্পদে রূপান্তরের সম্ভাবনা। জৈব বর্জ্য থেকে কম্পোস্ট সার উৎপাদন, প্লাস্টিক ও অন্যান্য পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য থেকে নতুন পণ্য কিংবা বিকল্প জ্বালানি তৈরির উদ্যোগ নগর অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে মতামত দেন অংশগ্রহণকারীরা।
এছাড়া নগরীর পরিবেশ উন্নয়নে ড্রেনেজ ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধি, খোলা জায়গায় বর্জ্য ফেলা সম্পূর্ণ বন্ধ করা এবং আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল ও বর্জ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনের ওপর জোর দেওয়া হয়।
সভায় প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, বরিশালকে একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগরীতে পরিণত করা আমাদের অঙ্গীকার। প্র্যাকটিক্যাল অ্যাকশনের সঙ্গে সমন্বিত এই উদ্যোগ বাস্তবায়িত হলে বর্জ্য আর নগরীর জন্য বোঝা থাকবে না, বরং এটি হবে সম্পদ ও সম্ভাবনার উৎস। আমরা দ্রুত সময়ের মধ্যেই এ প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রম শুরু করতে চাই।
সভা শেষে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন, সরকারি ও উন্নয়ন সংস্থার সমন্বিত এই উদ্যোগ বাস্তবায়িত হলে বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন আসবে এবং নাগরিকদের জন্য নিশ্চিত হবে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও টেকসই নগর পরিবেশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









