নীলফামারী জেলা পুলিশের সাইবার সেলের উদ্যোগে উদ্ধার করা ৩০টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মোবাইল ফোনগুলো হস্তান্তর করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ বি এম ফয়জুল ইসলাম।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ জুন পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনের দিকনির্দেশনায় প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশিং কার্যক্রম জোরদারের লক্ষ্যে নীলফামারী জেলা পুলিশে সাইবার সেল প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে সাইবার সেলের সদস্যরা বিভিন্ন সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় হারানো মোবাইল ফোন উদ্ধারে কাজ করে আসছেন। পাশাপাশি ডিজিটাল মাধ্যমে প্রতারণা ও সাইবার অপরাধ প্রতিরোধেও কার্যক্রম চালিয়ে যাচ্ছে সাইবার সেল।
উদ্ধার করা ৩০টি মোবাইল ফোনের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের হ্যান্ডসেট রয়েছে। দীর্ঘদিন পর হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা সন্তোষ প্রকাশ করেন। এ সময় তারা জেলা পুলিশের সাইবার সেলের কার্যক্রমের জন্য কৃতজ্ঞতা জানান।
পুলিশ জানিয়েছে, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে হারানো মোবাইল উদ্ধারসহ সাইবার অপরাধ প্রতিরোধে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









