পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. আতিক (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে পটুয়াখালী সদর উপজেলার দলুগাজীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আতিক সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের জামুরা গ্রামের মাওলানা আশরাফ হাওলাদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলযোগে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় দলুগাজীর মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা সিকদার পরিবহনের একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল ত্যাগ করে বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
দুর্ঘটনার কারণে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের দলুগাজীর মোড় এলাকায় প্রায় ৪৫মিনিট যান চলাচলে বিঘ্ন ঘটে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, দলুগাজীর মোড় এলাকায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত বাস ও চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









