নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাতটি হত্যা মামলাসহ ২৬ মামলার আসামি ও একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজকে বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রূপসী এলাকা থেকে সহযোগী এজাজুলকে গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জ থানার পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মুড়াপাড়া এলাকায় কাইল্লা সবুজের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ছিল। তাকে গ্রেপ্তারে প্রায় তিন মাস ধরে নজরদারি চালায় পুলিশ। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ডেমরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
পরে কাইল্লা সবুজকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী এজাজুলকে রূপসী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, এজাজুলও বিভিন্ন মামলার আসামি।
গ্রেপ্তার কাইল্লা সবুজ রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকার কালাই মিয়ার ছেলে। এজাজুল ভুলতা এলাকার মাঝিপাড়ার মৃত শাহাদাতের ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহউদ্দিন জানান, কাইল্লা সবুজ একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। তার বিরুদ্ধে সাতটি হত্যা মামলাসহ মোট ২৬টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। প্রায় তিন মাস নজরদারির পর ডেমরা থেকে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে তাদের নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









