চট্টগ্রামের রাউজানে ইটবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নুরুল ইসলাম টিটু (৪৮) নামের সাবেক ইউপি সদস্য নিহত হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর ) দুপুরে চট্টগ্রাম -রাঙ্গামাটি মহাসড়কের রাউজান বাস স্টেশন সংলগ্ন আমানিয়া হোটেলের বিপরীতে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত সাবেক ইউপি সদস্য নুর ইসলাম টিটু উপজেলার ৬ নং বিনাজরি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের লেগেংগারা গ্রামের অছি মিয়া সারাং বাড়ির মৃত আমদু মিয়া সারাং-এর পুত্র। বিবাহিত জীবনে তার তিন পুত্র সন্তান রয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, নুর ইসলাম টিটু পেশায় একজন ইলেকট্রিশিয়ান। পাশাপাশি একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে কর্মরত ছিলেন। মাইজভান্ডারি শাহ এমদাদিয়া বিনাজুরী লেলাংগারা শাখার সহ সভাপতি ছিলেন টিটু। রবিবার দুপুরে ব্যক্তিগত কাজে বাড়ি থেকে জলিলনগরের উদ্দেশ্যে বের হন নুর ইসলাম টিটু। দুপুর ১২টা নাগাদ আমানিয়া হোটেলের সামনে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক পায়ে হেঁটে পার হওয়ার সময় হাটহাজারী অভিমূখী একটি ইট বোঝাই ট্রাক তাকে ঝাক্কা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দূর্ঘটনার পরপরই রাউজান জলিলনগর এলাকায় উত্তেজনা দেখা দেয়। এ সময় বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশ হেফাজতে দেন। খবর পেয়ে রাউজান হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে ঘাতক ট্রাকটি তাদের হেফাজতে নেন।
দুর্ঘটনার পর তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসা হলে সেখানে স্বজনদের বুকফাটা আহাজারিতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতাড়না ঘটে।
নিহতের স্বজন সেজাউল করিম সজল জানান, নুর ইসলাম টিটু ব্যক্তিগতভাবে খুবই সৎ প্রকৃতির। এলাকার মানুষের সুখে-দুঃখে সব সময় এগিয়ে আসতেন।
স্থানীয় বাসিন্ধা মির্জা হেলাল বলেন, এলাকার সর্বস্থরের মানুষের সাথে নুর ইসলাম টিটুর খুবই ভালো সম্পর্ক ছিল। সামাজিক কর্মকান্ডে সব সময় সক্রিয় ছিল। তার মৃত্যু সংবাদে পুরো এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
রাউজান হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, ঘটনার পরপরই হাইওয়ে থানার একটি টিম ঘটনাস্থলে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দূর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









