পরিবেশ রক্ষা ও পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় পলিথিনবিরোধী সচেতনতামূলক প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) দিনব্যাপী শহরের জগত বাজারে জেলা পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের মধ্যে পলিথিনের ক্ষতিকর দিক তুলে ধরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের পলিথিনের পরিবর্তে পরিবেশবান্ধব বিকল্প ব্যাগ ব্যবহারের আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে জেলা পরিষদের প্রশাসক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করে পলিথিনের ব্যবহার বন্ধে তাদের সহযোগিতা কামনা করেন।
সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ‘‘পলিথিনের নির্বিচার ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। পলিথিন সহজে মাটিতে মিশে না যাওয়ায় এটি দীর্ঘদিন পরিবেশে থেকে যায়। ফলে মাটি, পানি ও জলাবদ্ধতাসহ বিভিন্ন পরিবেশগত সমস্যা সৃষ্টি হয়।’’
তিনি আরও বলেন, ‘‘সাধারণ মানুষ সচেতন হয়ে পলিথিনের ব্যবহার বন্ধ করলে এবং ব্যবসায়ীরা পলিথিন কেনা, বিক্রি ও সরবরাহ থেকে বিরত থাকলে এর ব্যবহার অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।’’ এজন্য পলিথিনের পরিবর্তে পাট, কাপড় ও কাগজের তৈরি পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারের আহ্বান জানান তিনি।
ব্যবসায়ীদের উদ্দেশে জেলা পরিষদ প্রশাসক আরও বলেন, “আজকে আমরা সতর্কবার্তা দিয়ে যাচ্ছি। আগামীতে কোনো দোকানদার পলিথিন ব্যবহার, বিক্রি বা মজুত করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, শুধু অভিযান বা আইন প্রয়োগের মাধ্যমে পলিথিনের ব্যবহার পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। এজন্য ব্যবসায়ী, ক্রেতা, সাধারণ জনগণসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
এ সময় বাজারের ব্যবসায়ীরা পলিথিনবিরোধী এ উদ্যোগকে স্বাগত জানান এবং পরিবেশ রক্ষায় জেলা পরিষদের কর্মসূচিতে সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে নিয়মিতভাবে এ ধরনের প্রচারণা চালানোর দাবি জানান তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









