চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে অন্তত ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে অসুস্থ শিক্ষার্থীদের চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির মো. হাসিবুস সাত্তার ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, অন্যান্য দিনের মতো রবিবার স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের ডিম ও বনরুটি দেওয়া হয়। খাবার খাওয়ার কিছুক্ষণ পর একে একে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে বেশি অসুস্থ হয়ে পড়ায় ১১ শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির মো. হাসিবুস সাত্তার বলেন, ভর্তি শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের পেটব্যথাসহ খাদ্যে বিষক্রিয়ার বিভিন্ন উপসর্গ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবার খাওয়ার পরই তারা অসুস্থ হয়েছে। তবে সবাই আশঙ্কামুক্ত রয়েছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে।
অসুস্থ এক শিক্ষার্থীর বাবা জহুরুল ইসলাম খাবারের মান নিয়ে প্রশ্ন তুলে বলেন, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে সরকার বিদ্যালয়ে খাবার দিচ্ছে। তবে খাবারের মান যাচাইয়ে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। নিম্নমানের খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হলে সরকারের এ উদ্যোগের মূল উদ্দেশ্য ব্যাহত হতে পারে।
চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পের খাবার সরবরাহ করছে বেসরকারি সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম—গাক। শিক্ষার্থী অসুস্থ হওয়ার বিষয়ে বক্তব্য জানতে গাকের জেলা সমন্বয়কারী কবির হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন জানান, “অভিযোগ প্রাপ্তির পর খাবার সরবরাহ প্রতিষ্ঠান কে এক লক্ষ টাকা জরিমানা ও একটি তদন্ত কমেটি গঠন করার জন্য জেলা প্রশাসক নির্দেশ দিয়েছেন।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









