গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বালুভর্তি একটি টমটম রাস্তার পাশের বিলে পড়ে যাওয়ার ঘটনায় নিরুপন রায় (২৫) নামের এক হেলপারের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার প্রায় দুই ঘণ্টা পর বিলের পানিতে তল্লাশি চালিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন।
গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বদরতলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত নিরুপন রায় উপজেলার লাটেঙ্গা গ্রামের নিরঞ্জন রায়ের ছেলে।
উপজেলার ভাঙ্গারহাট পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে বালুভর্তি টমটমটি বদরতলা এলাকার সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর বিলে পড়ে যায়। এ সময় টমটমে থাকা হেলপার নিরুপন রায় ছিটকে বিলের পানিতে পড়ে নিখোঁজ হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পানিতে নেমে তাকে খোঁজাখুঁজি শুরু করেন। তবে দীর্ঘ সময় চেষ্টা করেও তার সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালানোর পর পানির নিচ থেকে নিরুপন রায়ের মরদেহ উদ্ধার করা হয়।
কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের ডুবুরি ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে গিয়ে টানা দুই ঘণ্টা অভিযান চালিয়ে পানির নিচ থেকে নিহতের মরদেহ উদ্ধার করেন।
ভাঙ্গারহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রস্তুতি চলছে। আকস্মিক এই দুর্ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









