কুষ্টিয়ায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং নাগরিক নানা সমস্যা সমাধানের লক্ষ্য নিয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মাসিক সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ বিন-হাসান। কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় জেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য মো. আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ (কুষ্টিয়া সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন।
আইন-শৃঙ্খলা কমিটির এই সভায় জেলার গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দও অংশ নেন। রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক মো. কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এবং কুষ্টিয়া-৪ (কুমারখালি -খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমি। এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ সভায় সুনির্দিষ্ট মতামত তুলে ধরেন।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান এবং সামাজিক অপরাধ প্রতিরোধে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশেষ করে জেলাজুড়ে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের ওপর জোর দেওয়া হয়। একই সঙ্গে নদীতে নৌকা ভ্রমণকালে যেকোনো ধরনের অশ্লীল নাচ-গান ও উচ্চস্বরে গানবাজনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়।
অপরাধ দমনে পুলিশের ভূমিকা ও জনগণের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, “জেলায় যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়নে আমরা সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
আইন-শৃঙ্খলা আলোচনার পাশাপাশি কুষ্টিয়া শহরের নাগরিক ও সামাজিক দূর্যোগ সম্পর্কিত বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়। বিশেষ করে কুষ্টিয়া পৌর এলাকার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার শোচনীয় অবস্থা, যানজট এবং অপরিস্কার-পরিচ্ছন্নতা নিয়ে সভায় উদ্বেগ প্রকাশ করা হয় এবং এগুলো দ্রুত সমাধানের তাগিদ দেওয়া হয়। এ ছাড়া জেলার প্রধান প্রধান নদীগুলোতে পানি বৃদ্ধিজনিত কারণে দেখা দেওয়া নদী ভাঙন ও বিপর্যয় মোকাবিলায় প্রশাসনিক প্রস্তুতির বিষয়ে আলোচনা করা হয়।
উক্ত সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার সভাপতির বক্তব্যে কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ বিন-হাসান বলেন, নদীতে নৌকা ভ্রমণকালে যেকোনো ধরনের অশ্লীল নাচ-গান ও উচ্চস্বরে গানবাজনা প্রতিরোধে কমিটি করে ব্যবস্থা গ্রহন করা হবে।
কুষ্টিয়া সরকারি কলেজের সামনে বা কলেজের আশেপাশে বা বিভিন্ন স্পটে অভিযান চালাতে হবে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরকে। সপ্তাহে একদিন অভিযান চালালে হবে না। পুলিশ বিভাগের সঙ্গে কম্বিনেশনে কাজ করতে হবে।নারকোটিক্সের একমাত্র কাজই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা । পুলিশের অনেকগুলো কাজ থাকে। আমি কিন্তু অনেকগুলো আপনাকে কাজ দিচ্ছি, একটাও কিন্তু কোনো সমাধান হচ্ছে না।
কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ বিন-হাসান মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালকের উদ্দেশ্যে আরো বলেন, একদিন অভিযান করলেন, সাতদিন আর খোঁজ থাকে না-ঐভাবে আপনার চলবে না। যদি আপনি অল্টারনেটিভ ডে-তে ওখানে যান, লোকজনের মধ্যে একটা ভয় থাকবে যে এখানে অভিযান হয়। আপনি আজকে করলেন, আর সাতদিন আটদিন আপনি ওখানে গেলেন না-তাহলে তো হবে না। আপনি সরকারি কলেজকে টার্গেট করেন এবং আরও কিছু সেন্সিটিভ যে জায়গা আছে, চারপাশে চোখ-কান খোলা রাখেন। এগুলোতে যদি যান, আমার ধারণা মাদক কিছুটা হলেও কমবে। ইভটিজিংয়ের বিরুদ্ধে অভিযান চলছে । এতে আপনাদের সকলের সহযোগিতা চাই। প্রধানমন্ত্রী বলেছেন তিন মাসের মধ্যে ডেঙ্গু প্রতিরোধ করা হবে। তাই অনেক বড় চ্যালেঞ্জ আছে।
তিনি আরও বলেন, আপনাদের যে আঙিনা আছে, আপনাদের সকলের যে সরকারি দপ্তর, সেটা ক্লিন করেন। বিশেষ করে প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলোকেও আমি অনুরোধ করব আপনাদের স্কুল প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সেই সাথে শহরের ড্রেনগুলো পরিষ্কার রাখতে সাহায্য করতে হবে। কারণ হলো, ডেঙ্গু কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। আপনারা এটাকে কনফার্ম করেন এবং আমরা কিন্তু প্রতি শনিবার এটা নিয়ে মনিটরিং করব।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









