ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়। এ জন্য নগরবাসীর সচেতনতা ও সম্মিলিত সামাজিক উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে সিসিক আয়োজিত সচেতনতামূলক র্যালির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘‘নগর পরিচ্ছন্ন রাখতে সিসিক প্রতিদিন বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত মশক নিধন এবং এডিস মশার লার্ভা ধ্বংসে বাড়ি বাড়ি অভিযানও চলছে। তবে এসব উদ্যোগের পরও মশা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া এ কাজে সফল হওয়া কঠিন।’’
তিনি বলেন, ‘‘এডিস মশা সাধারণত জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা ও আশপাশে পানি জমছে কি না, তা নিয়মিত দেখতে হবে। পানি জমতে পারে এমন পাত্র ও স্থান পরিষ্কার রাখতে হবে। বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশ পরিচ্ছন্ন রাখার দায়িত্বও নাগরিকদের নিতে হবে।’’
সিসিক প্রশাসক বলেন, ‘‘ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে আগামী তিন মাস প্রতি শনিবার ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। সিসিক এ কর্মসূচি সফল করতে কাজ করবে। তবে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে এর সুফল আরও বেশি পাওয়া যাবে।’’
তিনি বলেন, ‘‘ডেঙ্গু প্রতিরোধকে শুধু সিটি করপোরেশনের দায়িত্ব হিসেবে না দেখে সামাজিক দায়িত্ব হিসেবে নিতে হবে। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।’’
র্যালিটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নিজ নিজ বাসাবাড়ি ও আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।
র্যালিতে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, লাইসেন্স কর্মকর্তা রুবেল আহমদ নান্নু, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









