সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালি এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে গফুর সাহেবের বাড়ির পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দুই শিশু হলো বাটকেখালি এলাকার হাবিবুর রহমানের মেয়ে ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী হাবিবা (১০) এবং একই এলাকার সাদ্দাম হোসেনের ছেলে ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী লাবিব (৯)।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার সকাল ৯টার দিকে হাবিবা ও লাবিব বাড়ি থেকে বের হয়ে গফুর সাহেবের বাড়ির পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় পরও তারা বাড়িতে না ফেরায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন।
বেলা ১১টার দিকে লাবিবের বাবা সাদ্দাম হোসেন পুকুরঘাটে দুই শিশুর স্যান্ডেল দেখতে পান। পরে তিনি পুকুরে নেমে খোঁজাখুঁজি করে পানির নিচ থেকে শিশু দুটিকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়।
হাবিবার বাবা হাবিবুর রহমান কান্নাজড়িত কণ্ঠে বলেন, সকালেও আমার মেয়েটা চোখের সামনে খেলছিল। প্রতিদিনের মতো গোসল করতে গিয়ে যে আর ফিরবে না, তা কল্পনাও করতে পারিনি।
সাতক্ষীরা সদর থানার ওসি মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
একই এলাকার দুই শিশুর আকস্মিক মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









