পাবনার ফরিদপুরে বাবার ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে জীবিকার কাজে বের হয়েছিল ১৩ বছর বয়সী কিশোর মো. সাকিব আল হাসান। কিন্তু আর ঘরে ফেরা হয়নি তার। অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে নির্মমভাবে হত্যা করা হয় তাকে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুর হাসান মাসুদ।
ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই মূল আসামি শাহিন আলম ইমনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া অটোভ্যান, হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঠের বাটাম এবং ভ্যান বিক্রির ৯ হাজার টাকা।
পুলিশ জানায়, গত রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার রতনপুর গ্রামের হারিজ উদ্দীনের ছেলে সাকিব আল হাসান বাবার ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে ডেমরা বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। দুপুর পর্যন্ত বাড়িতে না ফেরায় উদ্বিগ্ন পরিবার তার খোঁজ শুরু করে।
পরে বিকেল ৫টার দিকে ডেমরা ইউনিয়নের মাজাট গ্রামের মাজাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কবরস্থানের মাঝামাঝি বড়াল নদীর তীরে পানিতে একটি কিশোরের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি সাকিবের বলে শনাক্ত করেন।
এ ঘটনায় নিহতের বাবা হারিজ উদ্দীন বাদী হয়ে ফরিদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
প্রেস ব্রিফিংয়ে ওসি জানান, মামলা রুজুর পর তদন্ত কর্মকর্তা এসআই আরিফুল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে শনাক্ত করা হয়।
এরপর সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দিঘুলিয়া বাজার এলাকা থেকে শাহিন আলম ইমনকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ধানুয়াঘাটা বাজারের একটি ভাঙাড়ির দোকান থেকে ছিনতাই হওয়া অটোভ্যান উদ্ধার করা হয়। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঠের বাটাম এবং ভ্যান বিক্রির ৯ হাজার টাকাও উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ইমন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কালিয়াকৈর (আকন্দপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি ফরিদপুর উপজেলার দিঘুলিয়া মধ্যপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
এ ঘটনায় ছিনতাই হওয়া ভ্যান কেনার অভিযোগে ধানুয়াঘাটা এলাকার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য মুক্তার হোসেন (৪৫) নামের আরও একজনকে আটক করেছে পুলিশ।
প্রেস ব্রিফিংয়ে ফরিদপুর থানার ওসি মনজুরুর হাসান মাসুদ ছাড়াও ওসি (তদন্ত) আল হেলাল মাহমুদ, এসআই আরিফুল ইসলাম, এসআই নূর মোহাম্মদ এবং পাবনা ও ফরিদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









