‘ডেঙ্গুমুক্ত সমাজ গড়ি, আপনার সচেতনতাই সেরা প্রতিরোধ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের স্বরূপকাঠী পৌর ছাত্রদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে স্বরূপকাঠি পৌর এলাকার আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
কর্মসূচির শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও উপস্থিত ব্যক্তিদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডেঙ্গু রোগের কারণ, বিস্তার, প্রতিরোধের উপায় এবং মশার বংশবিস্তার রোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; ব্যক্তি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে। বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, টায়ারসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা এবং মশার প্রজননস্থল ধ্বংস করার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।
পরে পৌর ছাত্রদলের নেতাকর্মীরা বিদ্যালয়ের প্রাঙ্গণ ও আশপাশে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি শিক্ষার্থীদেরও নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।
ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত এ সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেন স্বরূপকাঠি পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী তারেক, জেলা ছাত্রদলের সাবেক সদস্য মো. সাগর মাহমুদ, ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. পারভেজ, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. হোসাইন, কাজী আশিকুর রহমান, স্বরূপকাঠি পৌর ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মো. মাসুদ রানাসহ পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে ভবিষ্যতেও পৌর শহরের ওয়ার্ডে ওয়ার্ড এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









