চট্টগ্রামের রাউজানে সারের ডিলার না থাকা সত্ত্বেও অনুমোদন ছাড়া সার মজুদ ও অতিরিক্ত মূল্যে কৃষকের কাছে বিক্রির অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের ফকিরহাট বাজারের আরফান সিকদারের দোকানে এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাহাতুল ইসলাম।
অভিযানের সময় অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ায় দোকানদার আরফান সিকদারকে ২৫ হাজার টাকার অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় অবৈধ মজুদকৃত ৯০ বস্তা সার জব্দ করা হয়। সারের মধ্যে রয়েছে টিএসপি সার ৫৯ বস্তা, ডিএপি সার ১০ বস্তা, এমওপি সার ২১ বস্তা।
রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাহাতুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সারের ডিলার অনুমোদন ছাড়া সার বিক্রি, মজুদ ও অতিরিক্ত মূল্যে কৃষকের কাছে বিক্রির অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অর্থদণ্ডের পাশাপাশি অবৈধভাবে বিক্রির জন্য মজুদ করা সারগুলো জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, কৃত্রিম সার সংকট ও অতিরিক্ত মূল্যে সার বিক্রি ঠেকাতে এই অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









