বগুড়ায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বগুড়া সেন্ট্রাল হাইস্কুল মাঠে জেলা শিক্ষা অফিস ও জেলা প্রশাসন, বগুড়ার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪১-বগুড়া-৬ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা।
জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রমজান আলী আকন্দ এবং জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আকরাম হোসাইন।
অনুষ্ঠানে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। এ সময় আয়োজক, শিক্ষক, কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়বে বলে অনুষ্ঠানে প্রত্যাশা ব্যক্ত করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









