ময়মনসিংহ সদর উপজেলায় স্কুল যাওয়ার পথে অটোরিকশা থেকে পড়ে সোখিন আরা আক্তার (৪০) নামে এক স্কুলশিক্ষিকার সিএনজি চাপায় মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দাপুনিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোখিন আরা আক্তার ডি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। তিনি নগরীর সাহেব আলী রোডের কায়েস টাওয়ারের বাসিন্দা এবং জয়নাল আবেদিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৯টার দিকে সোখিন আরা আক্তার স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন। অটোরিকশাটি দাপুনিয়া বাজারে প্রবেশ করলে হঠাৎ চাকা গর্তে পরে গেলে সোখিন আরা অটোরিকশা থেকে পড়ে যান। তখনই বিপরীত থেকে আসা একটি সিএনজি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। অটোরিকশা থেকে পড়ে গেলে বিপরীত থেকে আসা সিএনজি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









