চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ ভ্যান ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুজন। গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার মহামায়া সংলগ্ন মান্দারী কামাল মিজি বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—চাঁদপুরের কচুয়া উপজেলার ফতেহপুর এলাকার মৃত ওমর আলীর ছেলে ও সিএনজিযাত্রী মোহর আলী (৬০) এবং সিএনজিচালক কবির মাল।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় চাঁদপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি হাজীগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সিএনজির সামনে থাকা একটি প্রাইভেটকার হঠাৎ করে সজোরে ব্রেক (হার্ড ব্রেক) করে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের সিএনজিটি ওই প্রাইভেটকারকে ধাক্কা দিয়ে একটি পিকআপ ভ্যানের সামনে গিয়ে সজোরে পড়ে। ত্রিমুখী এই সংঘর্ষের ধাক্কায় সিএনজির চালক ও যাত্রীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকেই যাত্রী মোহর আলীকে মৃত অবস্থায় পান। অন্যদিকে, বাকি আহতদের দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সিএনজিচালক কবির মালকেও মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাকি দুজন আহত যাত্রী।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, সড়ক দুর্ঘটনায় ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে ও হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









