শরীয়তপুরের নড়িয়ায় কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আনোয়ার ভূঁইয়া (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত দুজন আহত হয়েছেন। হামলার পর নিহতের স্বজনদের বিরুদ্ধে প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগও উঠেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ভূমখাড়া ইউনিয়নের মানাখান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার ভূঁইয়া ওই এলাকার সেকেন্দার ভূঁইয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মানাখান এলাকায় একটি কবরস্থানের জমি নিয়ে একই এলাকার জয়দুল ঢালী ও আনোয়ার ভূঁইয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে একটি মামলাও চলমান রয়েছে।
বুধবার সন্ধ্যায় ওই বিরোধের জের ধরে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জয়দুল ঢালী লাঠি দিয়ে আনোয়ার ভূঁইয়ার মাথায় আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে আনোয়ারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তার স্বজনেরা জয়দুল ঢালীর বাড়িতে অগ্নিসংযোগ করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘‘কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে আনোয়ার ভূঁইয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









