ভোলার তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র, কার্তুজ, ধারালো অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ তিন ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে কোস্ট গার্ডের একটি টিম এই অভিযান পরিচালনা করে।
আটক ব্যক্তিরা হলেন— চর মোজাম্মেলের শাহজাহান বাহিনীর সদস্য আলমগীর, আব্বাস মাঝি ও আলমগীর মাঝি। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় ডাকাতি, চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেল চরে একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে সোমবার ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলার একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করে।
অভিযান চলাকালে ডাকাতদের আস্তানা তল্লাশি করে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ, দুই রাউন্ড ফাঁকা কার্তুজ, চারটি দেশীয় অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
কোস্ট গার্ডের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভোলার বিভিন্ন চরাঞ্চলে ডাকাতি ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









