১৮ সেপ্টেম্বর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কারিনা কাপুর খান ও পৃথ্বীরাজ সুকুমারন অভিনীত সিনেমা ‘দাইরা’। এটি একটি বাস্তবধর্মী অপরাধভিত্তিক নাট্যধর্মী সিনেমা। ছবিটি পরিচালনা করেছেন মেঘনা গুলজার।
সিনেমাটিতে কারিনা ও পৃথ্বীরাজ দুজনকেই পুলিশের ভূমিকায় দেখা গেছে। তাদের অভিনয় এবং সিনেমার গল্প ইতোমধ্যে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।
মুক্তির প্রথম তিন দিনে বক্স অফিসে স্থিতিশীল ব্যবসা করেছে ‘দাইরা’। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, প্রথম দিন শুক্রবার সিনেমাটি আয় করে ১ কোটি রুপি। শনিবার আয় বেড়ে দাঁড়ায় ১ কোটি ৭৫ লাখ রুপি। রোববার রাত ১০টা পর্যন্তও সিনেমাটির আয় ছিল ১ কোটি ৭৫ লাখ রুপি। প্রথম তিন দিন শেষে ভারতে ছবিটির মোট নিট আয় দাঁড়িয়েছে ৪ কোটি ৫০ লাখ রুপি। মোট গ্রস আয় হয়েছে ৫ কোটি ৪০ লাখ রুপি।
‘দাইরা’র গল্প গড়ে উঠেছে একটি আলোড়ন সৃষ্টিকারী ঘটনাকে কেন্দ্র করে। এক তরুণীকে গণধর্ষণের পর পুড়িয়ে হত্যার অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে। এরপর ডিসিপি রমন কুমারের দল অভিযুক্তদের এনকাউন্টারে হত্যা করে। রমন চরিত্রে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন।
পুলিশের দাবি ছিল, আসামিরা হেফাজত থেকে পালানোর চেষ্টা করছিল। তবে এনকাউন্টারের প্রকৃত ঘটনা জানতে তদন্তে নামে বিশেষ তদন্তকারী দল। এই দলের প্রধান কর্মকর্তা আজুনি চরিত্রে অভিনয় করেছেন কারিনা কাপুর। তদন্তে আজুনি শেষ পর্যন্ত কী সত্য খুঁজে বের করেন, তা নিয়েই এগিয়ে যায় ‘দাইরা’ সিনেমার মূল গল্প।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









