তিন মাসের প্রশিক্ষণ শেষে এবার নিজেদের দক্ষতাকে কাজে লাগানোর সুযোগ পেলেন খাগড়াছড়ির দীঘিনালার ২০ নারী। প্রশিক্ষণের সনদের পাশাপাশি তাদের হাতে তুলে দেওয়া হয়েছে সেলাইমেশিন। বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের উদ্যোগে এ কর্মমুখী প্রশিক্ষণ ও সরঞ্জাম বিতরণ করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় দীঘিনালা জোনে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্নকারী ২০ জন পাহাড়ি ও বাঙালি নারীর হাতে সেলাইমেশিন ও সনদপত্র তুলে দেওয়া হয়। জোন কমান্ডারের নির্দেশনায় আয়োজিত অনুষ্ঠানে দীঘিনালা জোনের আরএমও ক্যাপ্টেন মু. শায়খউদ্দীন সাকলাইন, অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মো. জাহিদ হাসান জয় এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার জয়নুল আবেদীন উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীদের পোশাক তৈরি, সেলাই ও সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবহারিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে সনদ পাওয়ার পাশাপাশি প্রত্যেকের হাতে সেলাইমেশিন তুলে দেওয়ায় তাঁদের জন্য ঘরে বসে কাজ করার সুযোগ তৈরি হয়েছে।
প্রশিক্ষণার্থীরা জানান, আগে সেলাইয়ের কাজ শেখার আগ্রহ থাকলেও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে অনেকের পক্ষে তা নিয়মিতভাবে কাজে লাগানো সম্ভব হয়নি। এখন প্রশিক্ষণের সঙ্গে সেলাইমেশিন পাওয়ায় নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে আয় করার সুযোগ তৈরি হয়েছে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক প্রশিক্ষণার্থী বলেন, প্রশিক্ষণের মাধ্যমে সেলাইয়ের কাজ শিখেছি। এখন নিজের একটি মেশিনও পেয়েছি। বাড়িতে বসেই কাজ করতে পারব। এতে নিজের আয় করার পাশাপাশি পরিবারের খরচে সহযোগিতা করতে পারব।
দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের আত্মনির্ভরশীল করে তুলতে বিভিন্ন কর্মমুখী উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে নারীদের শুধু প্রশিক্ষণ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রশিক্ষণ শেষে প্রয়োজনীয় সরঞ্জামও দেওয়া হয়েছে, যাতে তারা অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে আয় করতে পারেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের প্রয়োজনীয় উপকরণ একসঙ্গে পাওয়ায় এসব নারী নিজেদের জন্য আয়ের পথ তৈরি করতে পারবেন। পাশাপাশি পরিবারের আর্থিক সহযোগিতায় ভূমিকা রাখার সুযোগও বাড়বে।
দীঘিনালা জোনের এমন উদ্যোগকে প্রশিক্ষণার্থীরা স্বাবলম্বী হওয়ার পথে সহায়ক হিসেবে দেখছেন। তাদের প্রত্যাশা, সেলাইমেশিন কাজে লাগিয়ে স্থানীয়ভাবে পোশাক তৈরি ও সেলাইয়ের মাধ্যমে ধীরে ধীরে নিজেদের আয়ের পরিধি বাড়াতে পারবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









