ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝের অনুষ্ঠানের আগে আবারও বোমা হামলার হুমকি।
এবার হুমকির ইমেইল পৌঁছোল মধ্যপ্রদেশ হাইকোর্টে।আগামী ১৫ নভেম্বর ইন্দোরে গায়কের অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানে বোমা হামলার হুমকির পাশাপাশি গ্বালিয়র হাইকোর্ট উড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পরেই আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। পাশাপাশি, ইমেইলটি কে বা কারা পাঠিয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।
তবে এত কিছুর পরেও নির্ধারিত দিনেই অনুষ্ঠান করার সিদ্ধান্তে অনড় গায়ক।
শহরের পুলিশ সুপার রবিন জৈন জানিয়েছেন, হাইকোর্টের ওয়েবসাইটের মাধ্যমে ইমেইলটি পাঠানো হয়েছিল। সেখানে স্পষ্ট ভাবে উল্লেখ করা হয় দিলজিৎয়ের ১৫ নভেম্বরের অনুষ্ঠানের কথা। কয়েকটি সংগঠনের নামও উল্লেখ করা হয়েছে ওই ইমেইলে। ঘটনার পরেই আদালত চত্বরে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
রবিন বলেন, “পুলিশ সতর্ক রয়েছে। হাইকোর্ট চত্বরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ইন্দোর এবং ভোপালের পুলিশও আমাদের সাহায্য করছে।”
ইমেইলের উৎস খুঁজে বার করতে বিশেষ দল গঠন করেছে পুলিশ। কে বা কারা এই হুমকি পাঠিয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে।
হুমকির জেরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলেও, আপাতত অনুষ্ঠান বাতিলের কোনও সিদ্ধান্তের কথা জানা যায়নি। নির্ধারিত দিনেই ইন্দোরে মঞ্চে ওঠার কথা গায়কের।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









