কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোট জব্দ করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১০ কোটি টাকা।
বুধবার (১১ নভেম্বর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত টেকনাফ কোস্ট গার্ড স্টেশনের সদস্যরা নাফ নদীতে এ বিশেষ অভিযান পরিচালনা করেন।
কোস্ট গার্ড সূত্র জানায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী দিয়ে বাংলাদেশে প্রবেশের গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে নাফ নদীতে অভিযান চালায় কোস্ট গার্ডের একটি আভিযানিক দল।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়। তবে বোটটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে সাবরাংয়ের আলোগোলা জোড়া এলাকা-সংলগ্ন নাফ নদী থেকে বোটটি আটক করতে সক্ষম হন।
পরে বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা দুই মাদক পাচারকারীকে আটক করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ১০ কোটি টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘‘মাদক পাচারের সঙ্গে জড়িত অন্যান্য ব্যবসায়ী ও সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।’’
তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবা, পাচারে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকের ভয়াবহ বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









