বগুড়ার সারিয়াকান্দিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর সিলগালা করে দেওয়া একটি কোচিং সেন্টার পুনরায় খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। তবে প্রতিষ্ঠানটি চালুর আগে চলমান তদন্তের প্রতিবেদন আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
এর আগে, উপজেলার ফুলবাড়ী বাজারে অবস্থিত 'দা নিউ কনটেস্ট মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কোচিং সেন্টার'-এর একটি ক্লাসরুমে শিক্ষক ও শিক্ষার্থীদের অশোভনীয় অঙ্গভঙ্গির একটি ভিডিও গত ১৫ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম তাৎক্ষণিকভাবে কোচিং সেন্টারটি সিলগালা করেন।
পরবর্তীতে সিলগালাকৃত প্রতিষ্ঠানটি খুলে দেওয়ার দাবিতে কোচিং সেন্টারের পরিচালক নয়ন কুমার রায়ের ছোট ভাই শয়ন কুমার রায়ের নেতৃত্বে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের যুক্তি, কোচিং সেন্টারটি দীর্ঘদিন বন্ধ থাকলে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হবে এবং তাদের শিক্ষাজীবনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
অন্যদিকে, স্থানীয় সচেতন মহলের অভিমত, শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার বিষয়টি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ঘটনার পেছনের সত্যতা উদ্ঘাটন করাও জরুরি। ক্লাসরুমে ভিডিওটি কীভাবে ও কার মাধ্যমে ধারণ করা হয়েছিল, ঘটনার মূল প্রেক্ষাপট কী ছিল এবং প্রাতিষ্ঠানিক তদারকিতে কোনো ঘাটতি ছিল কি না—তা তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়া প্রয়োজন। তদন্ত শেষ হওয়ার আগেই কোচিং সেন্টার খুলে দিলে ঘটনার সঙ্গে জড়িত সঠিক তথ্য পর্যালোচনার সুযোগ হাতছাড়া হতে পারে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম মিকাইল ইসলাম বলেন, "মাধ্যমিক শিক্ষা অফিসের মাধ্যমে ঘটনার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। মাঠপর্যায়ের তদন্ত শেষ হলে কমিটি প্রতিবেদন দাখিল করবে। তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









