মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উদ্যাপন উপলক্ষে কুষ্টিয়ায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি তৌহিদ বিন-হাসান।
সভায় লালন সাঁইয়ের তিরোধান দিবস সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে উদ্যাপনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠান উপলক্ষ্যে আখড়াবাড়িতে দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর আগমন ঘটবে বলে আশা প্রকাশ করা হয়। সভায় আগত পুণ্যার্থী ও দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা বিধান, আইনশৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনা, বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, স্বাস্থ্যসেবা ও পরিচ্ছন্নতা জোরদার করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় কুষ্টিয়া পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, কুষ্টিয়া স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (উপসচিব), (সার্বিক, শিক্ষা ও আইসিটি এবং উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) জাকির হোসেন ও কুষ্টিয়া জেলা বিএনপি'র আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদসহ কুষ্টিয়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, লালন একাডেমির সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









