জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর ভোক্তা পর্যায়ে সঠিক পরিমাপ নিশ্চিত করতে বরিশাল নগরী ও সংলগ্ন এলাকার ফিলিং স্টেশনগুলোতে ঝটিকা অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মাপে কম-বেশি দেওয়ার প্রমাণ পাওয়ায় দুটি পাম্পকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ৩টা থেকে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজ ভৌমিক পিয়াসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে গড়িয়ার পার এলাকার ‘মেসার্স সারা ফিলিং স্টেশন’ এ জ্বালানি তেলের পরিমাপে গরমিল দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ৪৬ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জয়কে দ্রুততম সময়ের মধ্যে ত্রুটিপূর্ণ ডিজিটাল মেশিন সংস্কার করার কঠোর সময়সীমা বেঁধে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এরপর ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ এলাকার ‘কামিনী ফিলিং স্টেশন’-এ সমপর্যায়ের কারচুপি পাওয়ায় সেটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. সোহেলকে সতর্ক করা হয়। তবে নগরীর কাশিপুর এলাকার ‘রাব্বি ফিলিং স্টেশন’-এ পরিমাপ সঠিক পাওয়ায় সেখানে কোনো দণ্ড দেওয়া হয়নি।
অভিযানকালে বাবুগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না, বাংলাদেশ মান নিয়ন্ত্রণ ও পরীক্ষা সংস্থার (বিএসটিআই) উপ-পরিচালক মো. হাবিবুর রহমান এবং পরিদর্শক আলামিন সরকার উপস্থিত ছিলেন।
বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ জানান, জ্বালানি তেলের দাম বাড়ার পর থেকেই একাধিক ফিলিং স্টেশনের বিরুদ্ধে মাপে কম দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ আসছিল। সাধারণ ভোক্তারা যাতে প্রতারিত না হন, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। সাধারণ মানুষের স্বার্থরক্ষায় পুরো বিভাগজুড়ে এ ধরনের ঝটিকা তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









