মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও আগামী প্রজন্মকে রক্ষায় এবার মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন সৈয়দপুর শহরের সাহেবপাড়া বায়তুল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মুফতি মোহাম্মাদ হামিদ জামাল আশরাফী।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর ১৩ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী প্রতিবাদী র্যালী ও সমাবেশ।
ইমামের আহ্বানে আয়োজিত ওই কর্মসূচিতে মসজিদের মুসল্লী, স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সাহেব পাড়া ঈদগাহ মাঠে মাদকবিরোধী প্রতিবাদী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এটির আয়োজন করে ওই এলাকার ‘হিলফুল ফুজুল যুব সংগঠন’।
জুমার নামাজের পর শহরের সাহেবপাড়া বায়তুল মামুর জামে মসজিদ থেকে র্যালীটি ১৩নং ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বায়তুল মামুর জামে মসজিদের সামনে সাহেবপাড়া ঈদগাহ মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মসজিদের ইমাম ও খতিব হাফেজ মুফতি মোহাম্মাদ হামিদ জামাল আশরাফীর সঞ্চালনায় ও সাবেক কাউন্সিলর সৈয়দ মনজুর আলমের সভাপতিত্বে সমাবেশে বিএনপির পারভেজ আলম গুড্ডু, জামায়াতের নজরুল ইসলাম, এনসিপির মনজুর আলম, হায়াত মাস্টার, বশির উদ্দিন, হাফেজ মওলানা বেলাল রেজা আত্তারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। মাদকের বিস্তার রোধে পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। ১৩ নম্বর ওয়ার্ডকে মাদকমুক্ত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলা, সামাজিক কর্মকা- বাড়াতে হবে। পাশাপাশি মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রহণের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, একজন ইমামের দ্বায়িত্ব শুধু মসজিদের ইমামতি নয় বরং সমাজ নষ্টকারী মাদকব্যবাসয়ীদের বিরুদ্ধেও ইমাম, খতিব, আলেমরা দাঁড়াতে পারেন এই বার্তা দিয়েছি। আমরা শুধু ১৩ নম্বর ওয়ার্ড নয় বরং গোটা সৈয়দপুরকে মাদকমুক্ত রাখতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









