আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামতে যাওয়া লিওনেল মেসিকে সরাসরি মাঠে বসে দেখার জন্য ভক্তদের আগ্রহের কমতি ছিল না। তার প্রমাণ মিলল টিকিট বিক্রির শুরুতেই। বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্তালে বেনিনের বিপক্ষে মেসির বিদায়ী ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে দুই ঘণ্টারও কম সময়ে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হয় টিকিট বিক্রি। চাহিদার চাপে অনলাইন প্ল্যাটফর্মে শুরু থেকেই তৈরি হয় দীর্ঘ ভার্চুয়াল লাইন। রাত ৮টার আগেই শেষ হয়ে যায় সব টিকিট। টিএনটি স্পোর্টস আর্জেন্টিনার তথ্য অনুযায়ী, মোট বিক্রি হয়েছে ৮৫ হাজার ১৮টি টিকিট।
আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচেই আর্জেন্টিনার জার্সিতে শেষবার দেখা যাবে মেসিকে। বিশ্বকাপের পর জাতীয় দল থেকে বিদায়ের সিদ্ধান্ত আগেই জানিয়ে রাখা মেসি এবার নিজ দেশের দর্শকদের সামনেই শেষবারের মতো আলবিসেলেস্তের জার্সি গায়ে জড়াবেন।
ম্যাচটি ঘিরে বাড়তি আবেগ যোগ করেছে মেসির জন্য বিশেষভাবে তৈরি বিদায়ী জার্সিও। চিরচেনা আকাশি-সাদা নকশার সঙ্গে যোগ হয়েছে সোনালি রঙের ছোঁয়া, পেছনে থাকছে তার নাম আর পরিচিত ১০ নম্বর। সামাজিক যোগাযোগমাধ্যমে জার্সিটি প্রকাশ করে মেসি লিখেছেন, ‘একটি শেষ ম্যাচ। সারা জীবনের জন্য একটি জার্সি।’
আর্জেন্টিনার জার্সিতে মেসির অর্জন রীতিমতো বিস্ময়কর। ২০৭ ম্যাচে করেছেন ১২৫ গোল, সঙ্গে ৬৫ অ্যাসিস্ট— তিনটি সংখ্যাতেই তিনি দেশের ইতিহাসে সর্বোচ্চ। তার শোকেসে জমা আছে ২০২২ বিশ্বকাপ, ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা এবং ২০০৮ অলিম্পিকের সোনা।
বেনিনের বিপক্ষে এই ম্যাচ মেসির জন্য নিছক ৯০ মিনিটের ফুটবল নয়, বরং আকাশি-নীল জার্সিতে দুই দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য অধ্যায়ের এক আবেগঘন সমাপ্তি।
মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনা মাঠে নামবে আরও দুটি ম্যাচে— ৩০ সেপ্টেম্বর কর্ডোবায় বলিভিয়ার বিপক্ষে এবং ৩ অক্টোবর মনুমেন্তালে বুরকিনা ফাসোর বিপক্ষে। তবে এই দুই ম্যাচে মেসিকে পাওয়া যাবে না। ৬ অক্টোবর বেনিন ম্যাচই হবে জাতীয় দলের জার্সিতে তার শেষ উপস্থিতি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









