সোনারগাঁয়ে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ৫৬ টি চুন কারখানা বন্ধের দাবিতে এবং এর সাথে জড়িতদের নাম প্রকাশ হওয়ার পরও অজ্ঞাত কারণে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করার প্রতিবাদে মানববন্ধন করেছে পরিবেশ রক্ষা আন্দোলন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার উদ্ববগঞ্জ এলাকায় সোনারগাঁও প্রেস ক্লাব-এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি কবি রহমান মুজিবের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোকাররম মামুনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সূবর্ণগ্রাম সংস্কৃতি অঙ্গন-এর সভাপতি কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহেদ কায়েস, সোনারগাঁও প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক রবিউল হুসাইন, সুজন সোনারগাঁও শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উদীচী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ, সংগঠনের সহ সভাপতি মোয়াজ্জেনুল হক, যুগ্ম সম্পাদক মোফাখখার সাগর, কার্য নির্বাহী কমিটির সদস্য রোকেয়া আক্তার, শিপন চৌধুরী প্রমূখ।
মানববন্ধনে সমাপনী বক্তব্য রাখেন পরিবেশ রক্ষা আন্দোলন-এর সভাপতি কবি রহমান মুজিব। এ সময় উপস্থিত ছিলেন রাশেদ এহসান, রমিম, সাংবাদিক খায়রুল ইসলাম খোকন, ইমরান হোসেন, ডালিম হোসেন, বিরুদ আলীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ইতিহাসে দেশের অন্যতম ঐতিহাসিক ও সামাজিকভাবে শান্তিপূর্ণ জনপদ হিসেবে পরিচিত সোনারগাঁ জনপদটিতে বর্তমানে ৫৬টির মতো অবৈধ চুন কারখানা গড়ে উঠেছে। ফলে এ অঞ্চলের চিরচেনা সেই পরিচিত পরিবেশ অবৈধ চুন কারখানার বিষাক্ত কার্বনে অনেকটাই বিষাক্ত হয়ে উঠেছে। উপজেলার যে সকল এলাকায় আবাসিক এলাকার নিকটে অবৈধ চুন কারখানাগুলো রয়েছে সে সকল এলাকার শিশু, বয়স্ক মানুষসহ নানা বয়সের মানুষজন শ্বাসকষ্ট ও চর্মরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়াও স্থানীয় প্রাকৃতিক পরিবেশের ওপর ব্যাপক বিরূপ প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে।
বক্তারা অভিযোগ করেন, সোনারগাঁয়ে গড়ে ওঠা এ সকল কারখানাগুলোর পিছনে মদদদাতা হিসাবে কাজ করছে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক, প্রশাসনিক মহল, তিতাসের কতিপয় অসাধু কর্মকর্তা। এমনকি এই অপকর্মের সাথে কিছু নামধারী বিশেষ পেশার ব্যক্তি জড়িয়ে পরার অভিযোগ রয়েছে।
মানববন্ধনে বক্তারা তিতাস কোম্পানির কর্তৃপক্ষ, শেল্টারদাতা রাজনীতিকসহ পরিবেশ নষ্টকারী অবৈধ চুনা কারখানার সাথে জড়িতদের বিরুদ্ধে স্থানীয় ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









