চুয়াডাঙ্গার জীবননগরে পাচারের প্রস্তুতিকালে ৫১২ বস্তা ভর্তুকির সরকারি সার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় হাসাদাহ বাজারের ব্যবসায়ী মেসার্স তৌফিক ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আব্দুল খালেককে আটক করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার হাসাদাহ বাজারে জীবননগর থানার ওসি সোলায়মান শেখের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, মেসার্স তৌফিক ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আব্দুল খালেকের দোকান থেকে ভর্তুকির সরকারি সার অবৈধভাবে অন্যত্র পাচার করা হচ্ছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানকালে তৌফিক ট্রেডার্সের চারটি গোডাউনে তল্লাশি চালিয়ে ৫১২ বস্তা ভর্তুকির সরকারি সার জব্দ করা হয়। এর মধ্যে ইউরিয়া ৪৫ বস্তা, ডিএপি ৩৫০ বস্তা, টিএসপি ৭৮ বস্তা ও এমওপি ৩৯ বস্তা।
এ সময় সার পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ী মো. আব্দুল খালেককে আটক করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বলেন, ‘‘এ ঘটনায় ব্যবসায়ী মো. আব্দুল খালেকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’’
এর আগে গতকাল শুক্রবার উপজেলা প্রশাসন জীবননগর বাজারের মেসার্স সান্ত্বনা ট্রেডার্স থেকে অবৈধভাবে মজুত করে রাখা ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ করা হয়।
পরপর দুই দিনে জীবননগরের দুটি পৃথক স্থানে বিপুল পরিমাণ ভর্তুকির সরকারি সার জব্দের ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে সরকারি সার বিতরণ ও বাজারজাতকরণ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
তবে সারগুলো কীভাবে ব্যবসায়ীদের গুদামে পৌঁছেছে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









