ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ির ছাদে জমে থাকা পানি, ড্রেন ও রাস্তাঘাট পরিষ্কার রাখার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেন, মশার প্রজননস্থল ধ্বংস করতে নগরবাসীর নিজস্ব সচেতনতার কোনো বিকল্প নেই।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলে ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ‘ক্লিনিং ডে’ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকাকে একটি আধুনিক নগরীতে রূপান্তর করা সম্ভব। এ জন্য পরিচ্ছন্নতা কার্যক্রমে নগরবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি পরিষ্কার করে ডেঙ্গু প্রতিরোধে ভূমিকা রাখার পরামর্শ দেন।
এ সময় রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন আবদুস সালাম। বিরোধী দলকে জনভোগান্তি সৃষ্টি হয়, এমন কর্মসূচি না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারকে সহযোগিতা করা উচিত। একদফার হুমকি দিয়ে বিএনপিকে দমানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, বিএনপি জনগণের দল।
বর্তমান সরকার গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করছে উল্লেখ করে ডিএসসিসি প্রশাসক বলেন, গণতন্ত্রকে নস্যাৎ না করে ধৈর্য ধরে সরকারকে কাজ করার সময় দেওয়া প্রয়োজন।
এ ছাড়া জাতিসংঘে বিশ্ব ও বাংলাদেশের বর্তমান বাস্তবতা তুলে ধরার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









