কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ। রাতভর জেলার ১৮ থানায় একযোগে পরিচালিত এ অভিযানে ২৫৪ জনকে আটক করা হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।
জেলা পুলিশ জানায়, শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন থানার কিশোরদের আড্ডাস্থল ও অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।
পুলিশ জানিয়েছে, আটক ২৫৪ জনের মধ্যে কারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত, তা যাচাই-বাছাই করা হচ্ছে। অপরাধে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর সম্পৃক্ততা না থাকলে যাচাই শেষে তাদের ছেড়ে দেওয়া হবে।
এর আগে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে গত বুধবার রাতে কুমিল্লার ১৮ থানায় একযোগে সাঁড়াশি অভিযান চালায় জেলা পুলিশ। ওই অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৪৫১ জন কিশোরকে অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকিদের বিরুদ্ধে মাদক, নিয়মিত মামলা, মোবাইল কোর্ট, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা ও গ্রেপ্তারি পরোয়ানাসহ বিভিন্ন অভিযোগ যাচাই করে ব্যবস্থা নেওয়া হয়।
অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী অপরাধীদের তৎপরতা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এর পর থেকেই জেলার বিভিন্ন এলাকায় কিশোরদের আড্ডাস্থল ও অপরাধপ্রবণ এলাকায় পুলিশের নজরদারি এবং অভিযান জোরদার করা হয়েছে।
জেলা পুলিশ বলছে, কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









