নোয়াখালীর কবিরহাটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেইক আইডি ও ভুয়া নিউজ পোর্টালে মনগড়া ফটোকার্ড বানিয়ে এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে মো. নুর উদ্দীন মিশু নামের যুবদল নেতাকে হয়রানির অভিযোগ উঠেছে। এছাড়াও তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহর মাইজদীর একটি দৈনিক পত্রিকার কার্যালয়ে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নুর উদ্দীন মিশু জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক সহ কিছু ভুয়া অনলাইন পোর্টালে তার বিরুদ্ধে মিথ্যা ও কুরুচিপূর্ণ অপপ্রচার চালানো হয়। সম্প্রতি কবিরহাটে চাঞ্চল্যকর রড ডাকাতির একটি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার হয়েছেন মর্মে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হয়।
ভুক্তভোগী পরিবারের দাবি, রাজনৈতিক ও সামাজিকভাবে সম্মানিহানির উদ্দেশ্যে একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অপতথ্য ছড়াচ্ছে। শুধু তা-ই নয়, কবিরহাট থানা পুলিশ কর্তৃক সম্পূর্ণ মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
সংবাদ সম্মেলন থেকে এ ধরনের অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানানো হয় এবং ঘটনার পেছনে থাকা মূল ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানানো হয়। পাশাপাশি মিথ্যা মামলা থেকে নূর উদ্দিন মিশুর মুক্তি ও সঠিক বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









