কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের ঋণ সহায়তা দিতে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক মো. জবদুল ইসলাম এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রশাসন ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক তাজ উদ্দীন আহম্মদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় চলতি মূলধনের সংকটে থাকা সিএমএসএমই প্রতিষ্ঠানগুলোকে তুলনামূলক কম সুদে চলতি মূলধন ও ঋণ সহায়তা দেওয়ার সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে যেসব প্রতিষ্ঠান পর্যাপ্ত অর্থের অভাবে পূর্ণ সক্ষমতায় উৎপাদন বা ব্যবসা পরিচালনা করতে পারছে না, তারা প্রয়োজনীয় অর্থায়ন পেতে পারে।
সংশ্লিষ্টরা জানান, এ অর্থায়নের ফলে ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখা, উৎপাদন ও সেবা কার্যক্রম সম্প্রসারণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হবে। একই সঙ্গে সিএমএসএমই খাতে বিনিয়োগ বাড়ার মাধ্যমে সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশের অর্থনীতিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ খাতের উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে অর্থায়নের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থান বৃদ্ধিতে এ পুনঃঅর্থায়ন তহবিল ভূমিকা রাখবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









