ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে কিডনি রোগীদের জন্য ১০ শয্যাবিশিষ্ট ডায়ালাইসিস সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একই উদ্যোগের আওতায় দেশের ৪৪টি জেলা সদর হাসপাতালে ডায়ালাইসিস সেন্টার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ২৪ সেপ্টেম্বরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে ডায়ালাইসিস সেন্টার স্থাপনের জন্য নির্বাচিত ৪৪টি জেলা সদর হাসপাতালের তালিকায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের নাম রয়েছে।
চিঠিতে প্রতিটি সেন্টারের প্রয়োজনীয় জনবল কাঠামোর কথাও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে সিনিয়র স্টাফ নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট (অ্যানেসথেশিয়া) পদ সৃষ্টির অনুমোদনের কথা বলা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, সেন্টারটি চালু হলে ব্রাহ্মণবাড়িয়ার কিডনি রোগীদের ডায়ালাইসিসের জন্য দূরের হাসপাতালে যেতে হবে না। সরকারি ব্যবস্থাপনায় স্থানীয়ভাবেই ডায়ালাইসিস সেবা পাওয়ার সুযোগ তৈরি হবে।
ব্রাহ্মণবাড়িয়া সদর-বিজয়নগর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষ থেকেও উদ্যোগটিকে জেলার মানুষের জন্য সুখবর হিসেবে উল্লেখ করা হয়েছে।
সদর হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার চালু হলে কিডনি রোগীদের চিকিৎসাসেবায় নতুন সুবিধা যুক্ত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









