বগুড়ায় শ্বশুরবাড়িতে এসে পারিবারিক বিরোধের জেরে মেয়ের জামাই বকুলকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার বারোপুরের ঝোপগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের স্ত্রী পারভিন আক্তার জানান, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তার স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের প্রায়ই কথা-কাটাকাটি হতো। বিকেলে বকুল শ্বশুরবাড়িতে এলে পারিবারিক বিষয় নিয়ে আবারও কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তার বাবা হাসুয়া দিয়ে বকুলের গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে দাবি করেন পারভিন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, চারজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষে হত্যাকাণ্ডের সঙ্গে প্রকৃতপক্ষে কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত জানানো হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









