পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. অনিরুজ্জামান অনিককে (৩৫) রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমাণ্ড আবেদন করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
অনিক পিরোজপুর পৌরসভার খামকাটা এলাকার বাসিন্দা ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আখতারুজ্জামান ফুলু ও শিরিন আক্তারের ছেলে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর দুপুরে ভাটারা থানাধীন কুড়িল বিশ্বরোড এলাকায় দায়িত্ব পালনকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের নেতাকর্মীসহ ২০ থেকে ২৫ জন ব্যক্তি বিস্ফোরক দ্রব্য নিয়ে মিছিল করে কুড়িল বিশ্বরোডের দিকে আসছেন।
পুলিশের অভিযোগ, ওই ব্যক্তিরা নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে দুপুর ১টা ১০ মিনিটের দিকে পুলিশ কুড়িল সাহারা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে গেলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। এর আগে দুপুর ১টা ৫ মিনিটের দিকে কয়েকজন সেখানে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
পুলিশ আরও দাবি করেছে, ভাটারা থানা এলাকার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে অনিককে একাধিকবার উসকানিমূলক কথাবার্তা বলতে দেখা গেছে।
আদালতে দেওয়া রিমান্ড আবেদনে পুলিশ উল্লেখ করেছে, মামলার মূল রহস্য উদ্ঘাটন, আসামির সঠিক নাম-ঠিকানা যাচাই এবং ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের স্বার্থে অনিককে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এ কারণে তার পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদের বলেন, অনিরুজ্জামান অনিকের পিসিপিআর (পুলিশ ক্রিমিনাল পেট্রোল রেকর্ড) যাচাই করে তার বিরুদ্ধে মোট নয়টি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বৃহস্পতিবার সকালে অনিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অনিকের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় বিভিন্ন অভিযোগে ৮ থেকে ৯টি মামলা রয়েছে। এছাড়া ঢাকার ভাটারা থানায়ও তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ওসি আরও বলেন, পিরোজপুর সদর থানায় থাকা মামলাগুলোতেও অনিককে শোন অ্যারেস্ট দেখানোর জন্য আদালতে আবেদন করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









