‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে শহরের প্রেস ক্লাব চত্বর থেকে বের করা হয় একটি র্যালি।
সৈয়দপুর উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে ও সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে প্রবীণ হিতৈষী সংঘের সদস্য, প্রবীণ ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুর্তজা ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল কালাম আজাদ। তিনি প্রবীণদের অভিজ্ঞতা ও জীবনজ্ঞানকে সামাজিক সম্পদ হিসেবে বিবেচনার ওপর গুরুত্ব দেন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. শামসুন নাহার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুর মোহাম্মদ, দৈনিক আলাপন সম্পাদক আমিনুল হক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান, লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, প্রবীণ শিক্ষক শরিফা মমতাজ, ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু, ইসলামী ব্যাংক সৈয়দপুর শাখা ব্যবস্থাপক মো. রাশেদুল করিম, সাংবাদিক এম আর আলম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি ডা. মো. আব্দুল মান্নান চৌধুরী। আলোচনায় বক্তারা বলেন, একজন মানুষ বয়সের ভারে প্রবীণ হলেও সমাজের প্রতি তার দায়িত্ব ও অবদান শেষ হয়ে যায় না। বরং জীবনের দীর্ঘ অভিজ্ঞতা নতুন প্রজন্মকে সমৃদ্ধ করতে পারে। তাই প্রবীণদের একাকিত্বে না রেখে পরিবার ও সামাজিক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততা বাড়ানো প্রয়োজন। আলোচনায় প্রবীণদের স্বাস্থ্যসেবা, আর্থিক নিরাপত্তা, পারিবারিক মর্যাদা ও সামাজিক সুরক্ষার বিষয়গুলো গুরুত্ব পায়।
বক্তারা আরও বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একজন মানুষের প্রয়োজন ও প্রত্যাশার ধরনও বদলে যায়। তাই প্রবীণদের জন্য শুধু সহায়তা নয়, সম্মান ও অংশগ্রহণের সুযোগও নিশ্চিত করতে হবে। তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রজন্মের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করা গেলে পরিবার ও সমাজ উভয়ই উপকৃত হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









