পাবনায় যানবাহনে নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হর্নের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সদর উপজেলার মেরিল বাইপাস এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে দুইটি ট্রাক ও একটি বাসের চালককে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তিনটি হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়েছে।
পাবনা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত তাসনিম বর্ষা। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল মমিন। অভিযানে জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।
অভিযানকালে নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ন স্থাপনের অপরাধে দুইটি ট্রাক ও একটি বাসের চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি তিনটি হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত তাসনিম বর্ষা বলেন, ‘‘শব্দদূষণ নিয়ন্ত্রণে নির্ধারিত আইন ও বিধিমালা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যানবাহনে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হর্নের ব্যবহার বন্ধে নিয়মিতভাবে নজরদারি ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, শব্দদূষণ নিয়ন্ত্রণে যানবাহনের হর্নের ব্যবহারসহ সংশ্লিষ্ট বিষয়গুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









