বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে নতুন সহকারী কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার মালিবাংওয়ে মাকেতাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বোর্ড।
দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে খেলার সুযোগ হয়নি মাকেতার। ৪৫ বছর বয়সী এই কোচের ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ারও খুব একটা সমৃদ্ধ নয়। প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ মিলিয়ে মাত্র দুটি ম্যাচ খেলেছেন তিনি। তবে কোচ হিসেবে ঘরোয়া, আন্তর্জাতিক ও হাই-পারফরম্যান্স পর্যায়ে দুই দশকের বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে তার।
বাংলাদেশ দলের সঙ্গে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মাকেতা। তিনি বলেন, ‘‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হতে পেরে আমি আনন্দিত। আমার ওপর বিশ্বাস ও আস্থা রাখার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দলের সাফল্যে ইতিবাচক অবদান রাখতে মুখিয়ে আছি।’’
প্রধান কোচ ফিল সিমন্স ও কোচিং স্টাফের অন্য সদস্যদের সঙ্গে সমন্বয় করে ক্রিকেটারদের কাছ থেকে সেরাটা বের করে আনতে চান মাকেতা। চার দিন পর ৪৭তম জন্মদিন পালন করতে যাওয়া এই কোচ বলেন, ‘‘আমাদের দলটি তরুণ এবং অত্যন্ত সম্ভাবনাময়। হেড কোচ ফিল (সিমন্স) ও কোচিং স্টাফের বাকি সদস্যদের সঙ্গে কাজ করে খেলোয়াড়দের সেরাটা বের করে আনতে এবং তাদের ধারাবাহিক উন্নতিতে সহায়তা করতে আমি উন্মুখ। সুযোগ দেওয়ায় আবারও ধন্যবাদ। নতুন এই সফর শুরু করতে এবং বাংলাদেশ ক্রিকেট দলের জয়ে অবদান রাখতে আমি দারুণ রোমাঞ্চিত।’’
২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন মাকেতা। তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের আন্তর্জাতিক মানে গড়ে তোলার ক্ষেত্রে তার বিশেষ সুনাম রয়েছে।
দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব সামলানোর পাশাপাশি দেশটির ন্যাশনাল একাডেমিতেও কাজ করেছেন তিনি। সেখানে তরুণ ক্রিকেটারদের হাই-পারফরম্যান্স পর্যায়ে উন্নীত করতে ভূমিকা রাখেন এই কোচ। ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) লেভেল-৪ ডিগ্রিধারী মাকেতার ফ্র্যাঞ্চাইজি ও প্রাদেশিক ক্রিকেটেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে।
আগামী ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ে। বিশ্বকাপের কন্ডিশন বিবেচনায় রেখেই মাকেতাকে কোচিং স্টাফে যুক্ত করা হয়েছে। এখন দেখার বিষয়, আইসিসির এই টুর্নামেন্টে শান্ত-লিটনদের পারফরম্যান্স কেমন হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









