মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওরে অবৈধভাবে মাছ শিকার ও নেটের বাঁধ নির্মাণের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের চালানো অভিযানে প্রায় সাড়ে ৫ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ জাল জব্দ ও আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে হাওরের বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, হাইল হাওরের জলমহালগুলোতে মাছের বংশবৃদ্ধি রক্ষা ও অবৈধ শিকার বন্ধে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান।
সকাল থেকে হাওরের চেংছড়ি, সানন্দা, বছনীখাল, বেরীর বোল এবং হাওরী খালসহ বিস্তীর্ণ জলমহাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জলমহালগুলোতে অবৈধভাবে স্থাপিত নেটের বাঁধ উচ্ছেদ করা হয় এবং প্রায় ১ হাজার মিটার দৈঘের্যর ১০০টি রিং জাল ও ৪ হাজার মিটার দৈঘের্যর ২০টি মশারি জাল জব্দ করা হয়। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা। পরবর্তীতে উপস্থিত কর্মকর্তাদের সামনে বিধি মোতাবেক জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয় বণিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল এবং শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম। এছাড়াও শ্রীমঙ্গল থানা পুলিশের একটি চৌকস দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে।
উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান জানান, হাইল হাওরের প্রাকৃতিক মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে মাছ শিকার ও ক্ষতিকর নিষিদ্ধ জাল ব্যবহারের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









