মৌলভীবাজারের বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার উদ্যোগে বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের দু’পাশে ঝুঁকিপূর্ণ ঝোপঝাড় ও সড়কের ওপরে থাকা গাছের ডাল, ময়ল-আবর্জনা পরিষ্কারের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে বড়লেখা-কুলাউড়া মহাসড়কের নিখোড়িছড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় নিসচা বড়লেখা উপজেলা শাখার মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সভাপতি সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন সবুজ, বিশেষ অতিথির বক্তব্যে দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও নিসচা উপদেষ্টা আব্দুর রব, নিসচা সভাপতি তাহমীদ ইশাদ রিপন। শুভেচ্ছা বক্তব্য দেন মাসব্যাপী কর্মসূচির সদস্য সচিব জমির উদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন বড়লেখা থানার এস আই শফিক উদ্দিন, তরুণ সংঘের সভাপতি শামীম আহমদ, নিসচার সহ-সাধারণ সম্পাদক আহমেদ নোমান, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক আব্দুল হামিদসহ প্রমুখ।
আলোচনা শেষে মাসব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) বড়লেখা শাখার সভাপতি সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন সবুজ।
এ সময় প্রধান অতিথি বলেন, ‘‘নিসচা বড়লেখা উপজেলা শাখা জনদুর্ভোগ নিরসনে ও সড়ক দুর্ঘটনা রোধে সার্বক্ষণিক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে। নিসচা সারা বছরই বিভিন্ন কর্মসূচি পালন করে।’’
নিসচা নেতারা বলেন, সড়কের দু’পাশে ঝোপঝাড়ের কারণে বিশেষ করে মোড় বা টার্নিংয়ে বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখা যায় না, যা পরিষ্কার করলে ঝুঁকি কমে। পথচারী ও ছোট যানবাহনের চলাচল নিরাপদ ও বাধামুক্ত হয়। তাছাড়া মশা-মাছি ও পোকামাকড়ের উপদ্রব কমে এবং রাস্তার সৌন্দর্য বৃদ্ধি পায়। তাছাড়া সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধিতে স্থানীয় প্রশাসন ও সুশীল সমাজসহ সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
নিসচা নেতারা স্থানীয় প্রশাসন ও সাংবাদিকদের মাধ্যমে সড়ক ও জনপদ (সওজ)-এর দৃষ্টি আকর্ষণ করে বলেন, যেহেতু এই কাজ সড়ক ও জনপদ বিভাগের কিন্তু আমরা জনদুর্ভোগ নিরসনে জনস্বার্থে এ কাজ করছি। আশা করি তারা আমাদের সাথে সমন্বিতভাবে কাজ করবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









