চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কবিরাজপাড়ায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে আরও ১১টি তাজা ককটেল উদ্ধার করেছে। শুক্রবার সকালে বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে এসব ককটেল উদ্ধার করে। তবে এ ঘটনায় দুপুর ১২টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহারাজপুর ইউনিয়নের কবিরাজপাড়া ও শেখপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে বেশ কিছুদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা ও বিরোধ চলে আসছিল। স্থানীয়দের দাবি, এলাকার বিবদমান দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিনের এই বিরোধ সম্প্রতি আরও তীব্র আকার ধারণ করেছে। বড় ধরনের সংঘাত ও নাশকতার প্রস্তুতি হিসেবেই এসব ককটেল মজুত করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ওসি একরামুল হোসাইন জানান, সকালে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তল্লাশি চালিয়ে ১১টি ককটেল উদ্ধার করে। বর্তমানের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









