মাছ ও সবজির সমন্বয়ে ঘরেই তৈরি করতে পারেন সুস্বাদু কাটলেট। বিকেলের নাশতা কিংবা অতিথি আপ্যায়নে সহজেই পরিবেশন করা যায় এই পদ। জেনে নিন সবজি ও মাছের কাটলেট তৈরির রেসিপি।
উপকরণ
রুই মাছ ৪ টুকরা
বরবটি ও গাজর পরিমাণমতো
ক্যাপসিকাম ১ কাপ মিহি কুচি
পাউরুটি ১ পিস
আদা ও রসুনবাটা ১ চা-চামচ
পেঁয়াজকুচি ১ টেবিল চামচ
রসুনকুচি ১ চা-চামচ
মরিচগুঁড়া ১ চা-চামচ
চাট মসলা আধা চা-চামচ
কাঁচা মরিচকুচি ১ টেবিল চামচ
ধনেপাতাকুচি ১ টেবিল চামচ
পুদিনাপাতাকুচি ১ চা-চামচ
সয়া সস ১ চা-চামচ
ভাজা জিরাগুঁড়া ১ চা-চামচ
টমেটো সস ১ চা-চামচ
ডিম ১টি, লবণ স্বাদমতো
লেবুর রস ১ চা-চামচ
চিনি সামান্য
কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ
তেল ভাজার জন্য
ব্রেডক্রাম্ব প্রয়োজনমতো।
প্রণালি: প্রথমে মাছের টুকরাগুলোতে লবণ ও হলুদ মেখে সেদ্ধ করে নিন। এরপর মাছের কাঁটা বেছে পরিষ্কার করে নিন।
কাঁটা ছাড়ানো মাছের সঙ্গে আদা-রসুনবাটা, পেঁয়াজকুচি, রসুনকুচি, মরিচগুঁড়া, চাট মসলা, কাঁচা মরিচ, ধনেপাতা, পুদিনাপাতা, সয়া সস, ভাজা জিরাগুঁড়া, টমেটো সস, লেবুর রস, লবণ ও সামান্য চিনি দিয়ে ভালোভাবে মেখে নিন।
পাউরুটি অল্প পানিতে ভিজিয়ে চিপে নিন। এরপর মাছের মিশ্রণের সঙ্গে পাউরুটি ও কুচি করা বরবটি, গাজর ও ক্যাপসিকাম মিশিয়ে ভালোভাবে মেখে নিন।
অন্য একটি পাত্রে ডিম ফেটিয়ে রাখুন। এবার মাছ ও সবজির মিশ্রণ হাতে নিয়ে চেপে কাটলেটের আকার দিন। প্রথমে কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিন। এরপর ফেটানো ডিমে ডুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে কম আঁচে কাটলেটগুলো ভেজে নিন। কাটলেট বাদামি রং ধারণ করলে তেল থেকে তুলে নিন। এরপর গরম গরম পরিবেশন করুন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









