কুষ্টিয়ার ভেড়ামারায় সাদিয়া (১৬) নামের দশম শ্রেণির এক মাদরাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি মেঘনাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
নিহত সাদিয়া ওই এলাকার ইয়ানুর রহমানের মেয়ে এবং স্থানীয় বাহাদুরপুর দাখিল মাদরাসার দশম শ্রেণির ছাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে একই এলাকার আসিফ নামের এক তরুণের সঙ্গে সাদিয়ার প্রেমের সম্পর্ক ছিল। পারিবারিকভাবে তাদের বিয়ের বিষয়টি একপ্রকার চূড়ান্ত হয় এবং সাদিয়ার আঙুলে আংটি ও নাকে নাকফুলও পরিয়ে দেয় আসিফের পরিবার। তবে মৃত্যুর আগের রাতে আসিফের সঙ্গে মোবাইলে কথা ও ইমুতে চ্যাটিং হয় সাদিয়ার।
আসিফের দাবি, সে দুই-এক মাস পর বিয়ে করতে চেয়েছিল, কিন্তু সাদিয়া তাকে দ্রুত বিয়ের জন্য চাপ দিয়ে আসছিল। এ নিয়ে মনোমালিন্যের জের ধরে ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সাদিয়ার বাবা ইয়ানুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে সবাই নিজ নিজ কক্ষে ঘুমাতে যান। শুক্রবার সকালে সাদিয়াকে ডাকাডাকি করে কোনো সাড়া না পাওয়ায় জানালার ফাঁক দিয়ে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার দেহ ঝুলতে দেখা যায়।
খবর পেয়ে ভেড়ামারা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। মৃত্যুর সঠিক কারণ ও নেপথ্যের ঘটনা অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









