ঝালকাঠির কাঁঠালিয়ায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে নগদ অর্থ ও গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) রাত আটটার দিকে কাঁঠালিয়া উপজেলার পাটিখালঘাটা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পাটিখালঘাটা গ্রামের মোসাঃ সোনিয়া (৩৫) এবং একই এলাকার পশ্চিম পাটিখালঘাটা গ্রামের মোঃ সেলিম হাওলাদার (৫৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশনায় এসআই সুজন চন্দ্র রায়ের নেতৃত্বে ডিবির একটি দল পাটিখালঘাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অভিযান চালায়। রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে স্থানীয় সেলিম হাওলাদারের বসতঘরের পেছনের রান্নাঘর থেকে তাঁদের আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে সোনিয়ার কাছ থেকে ৮০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩০ হাজার ১০ টাকা এবং সেলিম হাওলাদারের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে এসআই সুজন চন্দ্র রায় জানান, উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









