মাদককে ‘না’ বলে তরুণ প্রজন্মকে সুস্থ ও সুন্দর জীবনের পথ দেখাতে মাঠে গড়িয়েছে ‘বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।
রবিবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে তিনটায় বরিশাল নগরীর প্রাণকেন্দ্র কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে ফুটবল টুর্নামেন্টটির।
বিকেল গড়ালেই স্টেডিয়াম রূপ নেয় এক উৎসবের নগরীতে। স্থানীয় ক্রীড়ানুরাগী ও সুশীল সমাজের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।
উদ্বোধনী বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, ‘‘খেলাধুলাই পারে যুবসমাজকে সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড ও মাদকের ভয়াবহ থাবা থেকে দূরে রাখতে। বিসিসি’র এই উদ্যোগ বরিশালের ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করবে। আমাদের বিশ্বাস, এ টুর্নামেন্ট থেকে উঠে আসা তরুণদের মাধ্যমেই ভবিষ্যতে নতুন তারকা তৈরি হবে।’’
বরিশাল সিটি কর্পোরেশনের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি জানান, একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই। বরিশালের তরুণ সমাজকে আবার খেলার মাঠে ফিরিয়ে আনাই আমাদের মূল উদ্দেশ্য। তরুণদের মেধা ও মননের বিকাশে ভবিষ্যতেও সিটি কর্পোরেশনের এমন আয়োজন অব্যাহত থাকবে।
বরিশাল সিটি কর্পোরেশনের (দায়িত্বপ্রাপ্ত) প্রধান নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ এবং বরিশালের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকার।
আনুষ্ঠানিক উদ্বোধনের পরপরই কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে মুখোমুখি হয় ‘মোগো ২৭’ এবং ‘শেরে ই বাংলা একাদশ’। তবে লড়াইটি শেষ পর্যন্ত রূপ নেয় ‘শেরে ই বাংলা একাদশ’-এর একচ্ছত্র আধিপত্যে। একপেশে ম্যাচে প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়ে ৯-০ গোলের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় শেরে ই বাংলা একাদশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









