নাটোরের নলডাঙ্গায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত হয়ে যানবাহন দুটি দুমড়ে-মুচড়ে গেছে।
সোমবার (৫ অক্টোবর, ২০২৬) সকাল আনুমানিক ১১টা ২৫ মিনিটের দিকে নলডাঙ্গা-নাটোর আঞ্চলিক সড়কের নলডাঙ্গা বিসমিল্লাহ হাসপাতালের সামনের পাকা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন—অটোরিকশাচালক ওয়াজেদ মিয়া (৫৫, সাং: হাতিয়ানদহ, সিংড়া), অটোরিকশার যাত্রী মো. আব্দুল জলিল (৪৫) ও তাঁর স্ত্রী মোছা. জহুরা খাতুন (৩২, সাং: লালমনিপুর ভাঙ্গা পাড়া) এবং মোটরসাইকেলচালক মো. ইমতিয়াজ আলী (২৭, সাং: রামসার কাজীপুর, নলডাঙ্গা)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে নলডাঙ্গা বিসমিল্লাহ হাসপাতালের সামনের আঞ্চলিক সড়কে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহনটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও যাত্রীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
ঘটনার পরপরই স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন এবং তাৎক্ষণিকভাবে নিকটস্থ নলডাঙ্গা বিসমিল্লাহ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তারা সবাই ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে খবর পেয়ে নলডাঙ্গা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে নলডাঙ্গা থানা কর্তৃপক্ষ জানান, দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং বিষয়টি পুলিশ নজরদারিতে রেখেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









