যথাযোগ্য মর্যাদা আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বরিশালের বাবুগঞ্জে উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও স্থানীয় শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (৫ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়।
র্যালিটি উপজেলার মূল সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। বর্ণিল এ আয়োজনে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।
র্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা বলেন, ‘‘শিক্ষকতা কেবল জীবনধারণের কোনো সাধারণ পেশা নয়, এটি একটি মহান ব্রত। সুন্দর, সমৃদ্ধ এবং মেধাভিত্তিক জাতি বিনির্মাণে শিক্ষকদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’’
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদুর রহমান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরীন জোবায়দা।
আলোচনা সভায় অন্য বক্তারা দেশের সামগ্রিক শিক্ষার গুণগত মানোন্নয়নের ওপর জোর দেন। একই সঙ্গে শিক্ষক সমাজের পেশাগত মর্যাদা রক্ষা, সঠিক সামাজিক মূল্যায়ন এবং তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে ঐকমত্য পোষণ করেন।
অনুষ্ঠানে শিক্ষক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদ বরিশাল জেলা শাখার সেক্রেটারি মুহাম্মদ আবুল কাসেম, বাবুগঞ্জ উপজেলা প্রধান শিক্ষক সমিতির সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, বাবুগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল এবং আগরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
ডিক্রির চর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনের শেষ পর্যায়ে উপস্থিত শিক্ষক সমাজকে শ্রদ্ধা ও শুভকামনা জানানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









