কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) ভোরে ও সকালে টেকনাফের দক্ষিণ জালিয়াপাড়া এবং বাহারছড়ার কচ্ছপিয়া ঘাট এলাকায় এসব অভিযান চালানো হয়।
এসআরবি ১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন।
এসআরবি ১৫ থেকে জানানো হয়, ভোর সাড়ে ৩টার দিকে টেকনাফের দক্ষিণ জালিয়াপাড়ার ৪ নম্বর ব্রিজের ১ নম্বর সুইচগেটের পশ্চিম পাশের খালে অভিযান চালায় এসআরবি-১৫ ও ২ বিজিবির একটি যৌথ দল। এ সময় ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ মো. ইদ্রিস (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়া এলাকার বাসিন্দা।
গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গ্রেপ্তার ইদ্রিস মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে স্থানীয় মাদক কারবারিদের কাছে সরবরাহের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন।

এর আগে একই দিন সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালায় এসআরবি ১৫-এর সিপিসি-১-এর সদস্যরা। এ সময় একটি মাছ ধরার ট্রলার থেকে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—বাহারছড়ার কচ্ছপিয়া এলাকার সুলতান আহমদের ছেলে মো. রিয়াজ (২৩) এবং নুরুল আলম ও নাছিমা দম্পতির ছেলে আতাউর রহমান (২৪)।
আ. ম. ফারুক জানান, দুটি অভিযানে মোট ৫ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









